| বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

মানিক নিজস্ব প্রতিনিধি :
শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষার পাশাপাশি বিসিএসসহ সব ধরনের নিয়োগ পরীক্ষাকেও এখন থেকে পাবলিক পরীক্ষা বলা হবে। পরীক্ষাসংক্রান্ত কাগজপত্রে ঘষামাজা অথবা টেম্পারিংয়ের পাশাপাশি যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, হেডফোন ইত্যাদি) ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অন্তর্ভুক্ত করে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত খসড়ায় যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফলে ঘষামাজা ও জালিয়াতি করলে এক কোটি টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেক্ট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। সব ঠিক থাকলে আজ (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ায় ‘রিকগনাইজড অথরিটি’ বা ‘স্বীকৃত কর্তৃপক্ষ’ নামে নতুন ধারণা যুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়, বোর্ডসহ বিভিন্ন সংস্থা-এর অন্তর্ভুক্ত হবে। পরীক্ষার ফল বা মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তন করার বিষয়টিকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ ধরনের অপরাথ করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
আর পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ ইলেক্ট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে।
সংগঠিতভাবে পরীক্ষা জালিয়াতি বা চক্র গঠন করলে কঠোর শাস্তি এবং অপরাধীর অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
প্রস্তাবিত খসড়ার সারসংক্ষেপে বলা হয়, দেশে পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নফাঁস, জাল সনদ তৈরি এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে প্রায় ৪৫ বছর আগে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ প্রণীত হয়। তবে বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষাসংক্রান্ত অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ায় বিদ্যমান আইনের বিভিন্ন ধারা সময়োপযোগী নয়। এ ছাড়া বিদ্যমান আইনে ‘ইউনিভার্সিটি বোর্ড’ পরিচালিত পরীক্ষাকে পাবলিক পরীক্ষা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালিত পরীক্ষা আইনের আওতার বাইরে থেকে যায়।
সারসংক্ষেপে আরো বলা হয়, আগামী ২১ এপ্রিল হতে দেশব্যাপী মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এবং ডিজিটাল পদ্ধতি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরীক্ষাসংক্রান্ত অপরাধ এবং এর দণ্ড আইনের আওতায় আনার উদ্দেশ্যে বিদ্যমান আইনের সংশোধন জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ জন্য বিদ্যমান আইনটি সংশোধনের উদ্দেশ্যে খসড়া আইন প্রণয়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে।
এ ছাড়া জনমত যাচাইয়ের জন্য খসড়া আইনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটেও সংযুক্ত করা হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে মন্ত্রিপরিষদ বিভাগে আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দানসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটিতে প্রস্তাবিত খসড়া উপস্থাপন করা হয়নি।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
https://thedaynewsbd.com | admin